Ridge Bangla

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি, দুই শিক্ষক আজীবন বহিষ্কার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অধ্যাপক মো. আনিছুর রহমান ও অধ্যাপক ড. আবু তালেবকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে অধ্যাপক ড. তানভীর আহসান সভাপতি এবং খান মো. মনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. মোছা. শিরীন সুলতানা, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আদনান আরিফ সালিম, দপ্তর ও প্রচার সম্পাদক ড. আজমিরা বিলকিস এবং সদস্য হিসেবে অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী, অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি ও দুলাল মাহমুদ।

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মো. আনিছুর রহমান এবং অধ্যাপক ড. আবু তালেবকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা এবং সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তাবাদী রাজনীতির মূলধারায় পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃত দুই শিক্ষককে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

This post was viewed: 164

আরো পড়ুন