ভেনেজুয়েলায় পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭৭৪টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ধ্বংসস্তূপে এখনও জীবিত মানুষ থাকার সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কি না, তা নির্ধারণে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার। পাশাপাশি লা গুয়াইরা রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান আরও এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজার ৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তাঁর ছেলেকেও জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
এদিকে বিরোধী দল-সমর্থিত একটি ওয়েবসাইট দাবি করেছে, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আফটারশক অব্যাহত থাকায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।