Ridge Bangla

ড্রোন হামলায় ইউক্রেনের ২ মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে দেশটির বিমান বাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। এ হামলাকে ইউক্রেনীয় বিমান শক্তির ওপর গুরুত্বপূর্ণ আঘাত হিসেবে উল্লেখ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানের একটি ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, নজরদারি ড্রোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, মিকোলাইভ অঞ্চলের দুটি পৃথক সামরিক ঘাঁটিতে মিগ-২৯ যুদ্ধবিমান দুটি উড্ডয়ন বা রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওই সময় দূরপাল্লার ‘ল্যানসেট’ ধরনের কামিকাজে ড্রোন দিয়ে বিমান দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর শক্তিশালী বিস্ফোরণের পাশাপাশি যুদ্ধবিমান দুটিতে আগুন ধরে যায় এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

মিগ-২৯ ইউক্রেনীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান। পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক যুদ্ধবিমান হাতে পাওয়ার আগে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে মূলত সোভিয়েত আমলের এই যুদ্ধবিমানই ব্যবহার করছিল ইউক্রেন।

তবে রাশিয়ার এ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং প্রকাশিত ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

This post was viewed: 3

আরো পড়ুন