রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) এবং মো. ফারুক (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।