Skip to main content

Ridge Bangla

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে বরিশালে ২০০ থ্রি-হুইলার আটকালেন শিক্ষার্থীরা

বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেছেন ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। রোববার কলেজ ক্যাম্পাসসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার তালিকা নির্ধারণের আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীতে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকেরা নির্ধারিত ভাড়ার পরিবর্তে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কোনো সরকারি ভাড়ার তালিকা না থাকায় প্রতিটি যাত্রায় যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে শতবর্ষ গেট ও মসজিদ গেটে অবস্থান নিয়ে বিভিন্ন থ্রি-হুইলারের ভাড়া যাচাই করেন।

যেসব চালক নির্ধারিত বা যুক্তিসঙ্গত ভাড়া নিয়েছেন, তাদের যান চলাচলের অনুমতি দেওয়া হয়। আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট যানবাহন কলেজ ক্যাম্পাসে আটকে রাখা হয়। দুই প্রবেশপথ মিলিয়ে প্রায় ২০০টি থ্রি-হুইলার আটক করা হয়।

বিকেলে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার তালিকা নির্ধারণের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা আটকে রাখা যানবাহন ছেড়ে দেন এবং কর্মসূচি প্রত্যাহার করেন।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে থ্রি-হুইলারের নতুন ভাড়া নির্ধারণে উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

This post was viewed: 13

আরো পড়ুন