ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মো. হাদিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে তিনি সুদের ১ লাখ টাকা পাবেন। তবে খাদেম মোল্লা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেন। সংঘর্ষে মো. হাদিম নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।