Ridge Bangla

বাংলাদেশে ‘কষ্টে’ থাকার দাবি, অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার চট্টগ্রামের দম্পতি

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ত্রিপুরা রাজ্যে চট্টগ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারের পর তাঁরা দাবি করেছেন, বাংলাদেশে ‘কষ্টে’ থাকায় ভালো ভবিষ্যতের আশায় সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। তবে কী ধরনের সমস্যার কারণে দেশ ছাড়তে হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গত ২৫ জুন একটি বাসে তল্লাশি চালিয়ে সন্তনু দেবনাথ ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। পরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশি জিজ্ঞাসাবাদে সন্তনু বলেন, ‘বাংলাদেশে আমরা অনেক কষ্ট সহ্য করেছি। সেখানে আমাদের বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল। ভালো ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সীমান্ত অতিক্রম করার সিদ্ধান্ত নেই।’

তিনি আরও বলেন, ‘কলেজের পিকনিকে গিয়ে আমি মাটিরাঙ্গা সীমান্ত সম্পর্কে জানতে পারি। যেখান দিয়ে মানুষ ভারতে যেতে পারে। আমি আমার স্ত্রীকে বলি যেহেতু বাংলাদেশে থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয়। তাই আমাদের একটি সুযোগ নেওয়া উচিত। আমরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করি এবং নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাসে চড়ি। কিন্তু এই যাত্রার মধ্যেই আমাদের আটক করা হয়।’

তবে বাংলাদেশে তাঁরা কী ধরনের কষ্টে ছিলেন, সে বিষয়ে সন্তনু কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যম।

ত্রিপুরার দেবদ্রু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগে থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। সন্দেহজনক আচরণ ও বক্তব্যে অসঙ্গতি থাকায় ওই দম্পতিকে আটক করা হয়। পরিচয়পত্র যাচাইয়ের সময়ও বিভিন্ন অসামঞ্জস্য ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা বলে জানান এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশ জানিয়েছে, তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২টি বাংলাদেশি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। কীভাবে তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন, সে বিষয়েও তদন্ত চলছে।

This post was viewed: 3

আরো পড়ুন