Ridge Bangla

গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে ৩ নারী গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের স্বামী ও এক আত্মীয়কেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে- এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়িতে থাকা চারজন পুরুষ সরে যান। ওই সময় তিন নারীও চলে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

অভিযান চলাকালে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা হয়েছে প্রায় ১ কেজি রান্না করা এবং ১ কেজি কাঁচা মাংস।

পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ‘আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। একই সঙ্গে তাঁদের স্বামী ও মুম্বাইয়ে কর্মরত এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া গরুর মাংস কোথা থেকে আনা হয়েছে এবং পরিবারটি আগে এ ধরনের মাংস সংগ্রহ করেছিল কি না, তা খতিয়ে দেখতে পৃথক তদন্ত চলছে।

This post was viewed: 4

আরো পড়ুন