Ridge Bangla

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থানও স্পষ্ট করা উচিত।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের ইগনোর করার চেষ্টা করছেন। আমাদের বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি, এই সময়টা সঠিক নয়। নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে আজকে সমস্যাগুলো হয় না। আপনারা সেটা করেননি।’

তিনি আরও বলেন, ‘উপরন্তু আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন, ‘‘একাত্তরে আমরা ভুল করি নাই’’। এখনো সময় আছে, ভেবেচিন্তে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে আমাদের, বাংলাদেশকে জানানো উচিত। আমি এর বেশি যেতে চাই না। একাত্তর সম্পর্কে আপনারা কখনোই পরিষ্কার করে বলেন না।’

এ সময় বিরোধী দলের সদস্যদের পক্ষ থেকে মন্তব্য এলে মন্ত্রী বলেন, ‘আপনারা পরিষ্কার করে বলেন না। আমি আজ পর্যন্ত শুনিনি। কেউ শোনেনি। আপনারা এটা স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে।’

জাতীয় নাগরিক পার্টির উদ্দেশেও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘তরুণদের দল এমন একটা দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই। আমি আশা করব, তারা তাদের রাজনীতিটা আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এই নবীন রাজনীতিবিদদের ভবিষ্যৎ আছে। তারা ভালো করবে। আমরা চাই, তারা ভালো করুক। এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পলিটিকসে না থাকে, যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন অস্বীকার করে চলেছে।’

This post was viewed: 4

আরো পড়ুন