Ridge Bangla

সৌদি আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের উপকূলীয় শহর রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নিহত ১৪ জনই সৌদি আরবের নাগরিক।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার সকাল ৬টার দিকে পারস্য উপসাগরসংলগ্ন গুরুত্বপূর্ণ তেল ও শিল্পাঞ্চল রাস তানুরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বা এর পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সৌদি আরবের পূর্বপ্রদেশে অবস্থিত রাস তানুরা বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সৌদি আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগার এবং একটি বৃহৎ সামুদ্রিক টার্মিনাল রয়েছে, যেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল রপ্তানি করা হয়।

দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর গত শুক্রবার এই টার্মিনাল থেকে আবারও তেল লোডিং ও সরবরাহ কার্যক্রম শুরু হয়েছিল। এমন একটি গুরুত্বপূর্ণ ও কঠোর নিরাপত্তাবেষ্টিত শিল্পাঞ্চলে আরামকোর কর্মীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন