Ridge Bangla

‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপির পরিচয় দিচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতে শিক্ষা বোর্ডে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তাদের অনেকেই এখন বিএনপির পরিচয় দিচ্ছে। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে।

রোববার (২৮ জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন, তাঁদের অনেকেই বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁস হবে না। কেউ যদি বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার করে, তাহলে নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নকল প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, শুধু হেলিকপ্টার ব্যবহার বা অভিযান পরিচালনার মাধ্যমে নকল বন্ধ করা সম্ভব হয়নি। এবার প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে তা নিয়ন্ত্রণে আনা গেছে। পরীক্ষাকেন্দ্রগুলো সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিক্ষক সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, এই সমস্যা গত তিন মাসে তৈরি হয়নি; এটি দীর্ঘদিনের।

তিনি জানান, শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে এবং আগামী ২ জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্তের পর জুলাই মাস থেকেই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিজি অফিসে বসে দালালির সুযোগ আর নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনায় বিগত সরকারের সময়ে বড় ধরনের অনিয়ম হয়েছে।

কারিগরি শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি ও কর্মমুখী শিক্ষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড যেভাবে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করতে পারে, ভবিষ্যতে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডও সাধারণ বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ায় যুক্ত হবে।

সভায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

This post was viewed: 10

আরো পড়ুন