দেশে প্রচলিত সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। এ লক্ষ্যে বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে সুদনির্ভর অর্থনীতি ছাড়াও রাষ্ট্র পরিচালনা সম্ভব। তাঁর ভাষায়, ‘জাকাতভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’
তিনি বলেন, দেশে ইসলামী অর্থনীতি চালুর একটি প্রয়াস ইসলামী ব্যাংক নিয়েছিল। তবে তাঁর অভিযোগ, ‘শকুনের দৃষ্টি’ ইসলামী ব্যাংকের ওপর পড়ায় প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে চলে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মালয়েশিয়ায় সুদনির্ভর ব্যবস্থা কমিয়ে জাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন দেশও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে তিনি ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তানের উদাহরণ তুলে ধরেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান আরও বলেন, ইসলামী ব্যাংক সফলভাবে কার্যক্রম পরিচালনার সময়ও দেশে বড় বড় সুদভিত্তিক ব্যাংক ছিল। পরে ইসলামী ব্যাংকিংয়ের জনপ্রিয়তা দেখে অনেক ব্যাংকই ইসলামিক কাউন্টার চালু করে। তাঁর মতে, এ থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশে সুদ ছাড়া অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব।