পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত ১৯৬টি ফিরতি ফ্লাইটে তাদের দেশে আনা হয়েছে। চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ৫৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজবিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্র জানায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে ফিরেছেন ৭০ হাজার ৯৪৩ জন হাজি।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি ফ্লাইটে ফিরেছেন ৩২ হাজার ৮৮৪ জন। সৌদি এয়ারলাইনসের ৬৬টি ফ্লাইটে দেশে এসেছেন ২৪ হাজার ২৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইটে ফিরেছেন আরও ৯ হাজার ৬১৬ জন হাজি।
ফিরে আসা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৪৫৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৬৬ হাজার ৪৮৪ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
এ ছাড়া চলতি হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।
চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে সমবেত হন। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী।
গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ বছরের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন দেশে পৌঁছানোর কথা রয়েছে।