Ridge Bangla

ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশিকে আটক, হোল্ডিং সেন্টারে পাঠানোর দাবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে পুশইন-পুশব্যাক ইস্যু নিয়ে চলমান আলোচনার মধ্যেই অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।

ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে পশ্চিমবঙ্গে ১২টি হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাবি করেন, ইতোমধ্যে ১০ হাজার বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করা হয়েছে এবং আরও ১ হাজার ৮০০ জনকে যেকোনো সময় ফেরত পাঠানো হবে। অন্যদিকে বাংলাদেশ বলছে, পুশইনের সব ধরনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

এ পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, গত শনিবার (২৭ জুন) রাজশাহী সীমান্তসংলগ্ন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার চর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে ৫ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন। তাদের অভিযোগ, বর্ডার গার্ড বাংলাদেশের কঠোর নজরদারি এড়িয়ে তারা সীমান্ত পার হন।

বিএসএফের ভাষ্য অনুযায়ী, ভারতে প্রবেশের পরপরই সীমান্ত টহলরত সদস্যরা তাদের আটক করেন।

একই দিন আটক ৫ জনকে ভগবানগোলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হাজির করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) আটক ব্যক্তিদের মুর্শিদাবাদের লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের বাংলাদেশে পুশব্যাক করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক পাঁচজনই পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। তবে সীমান্ত পার হওয়ার পর দালাল তাদের রেখে পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র ছাড়া ভারতে প্রবেশের বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেও জানিয়েছে ভারতীয় পুলিশ।

This post was viewed: 6

আরো পড়ুন