ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদে টানা ৫ দিন ধরে আজান দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। মসজিদটির পাশেই হযরত ইব্রাহিম (আ.)-এর সমাধি অবস্থিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের এই মসজিদে প্রবেশে বিভিন্ন সময়ই ইসরায়েলি সেনা ও পুলিশ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। আজান বন্ধ রাখার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু সেনিনেহ এবং কাস্টডিয়ানের প্রধান হাম্মাম আবু মুরখিয়াকে আগামী ১২ দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফিলিস্তিনি একটি সূত্র সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছে, গত রোববার থেকে মসজিদের মুয়াজ্জিনকে আজান দিতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে ইসরায়েলি একটি সূত্র দাবি করেছে, মসজিদ প্রাঙ্গণে সংস্কারকাজ চলার কারণেই সাময়িকভাবে আজান বন্ধ রাখা হয়েছে। তাদের ভাষ্য, মসজিদের খোলা অংশে ছাউনি নির্মাণের কাজ চলছে।
তবে ফিলিস্তিনি সূত্রের দাবি, মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু যেখান থেকে আজান দেওয়া হয় সেই অংশটি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় মুয়াজ্জিনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১৯৯৪ সালে এক মার্কিন-ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ইব্রাহিমি মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালালে ২৯ জন নিহত হন। ওই ঘটনার পর মসজিদটি দুই ভাগে বিভক্ত করা হয়। এর প্রায় ৬০ শতাংশ অংশ ইহুদিদের এবং বাকি ৪০ শতাংশ মুসলিমদের জন্য নির্ধারণ করা হয়। এরপর থেকে মসজিদটিতে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।