Skip to main content

Ridge Bangla

মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি আইআরজিসির

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ অবস্থায় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট।

রোববার (২৮ জুন) আল জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির নৌ-কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রণালির ওপর আমাদের আধিপত্যের রহস্যের কোনো সমাধান দেয়নি। প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অন্য জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিষয় আলাদা। আগামী দিনগুলোতে এগুলোকে নরকে পরিণত করা হবে।’

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং তাসনিম নিউজ জানায়, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহর’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, ইরানের পাঁচটি উপকূলীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা হয়েছে।

অন্যদিকে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি প্রতিবেশী দেশের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি বলে তিনি জানান।

This post was viewed: 26

আরো পড়ুন