Ridge Bangla

করাচিতে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৩ সেনাসহ ৬

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় ৩ সেনাসহ মোট ৬ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ হামলাকারীও রয়েছে।

রোববার (২৮ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধু) একটি ক্যাম্পে ‘জামাত-উল-আহরার’ নামের একটি গোষ্ঠী হামলা চালায়। এতে ৩ সেনা সদস্য নিহত হন এবং অন্তত ৪ জন আহত হন।

জিও নিউজ জানায়, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬ এলাকায় প্রথমে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর শুরু হয় ব্যাপক গোলাগুলি। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে মৌসুমিয়াত চৌরঙ্গি থেকে গুলিস্তান-ই-জোহর ব্লক ৬, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, ভারত-সমর্থিত একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। প্রথমে তারা ক্যাম্পের মূল ফটকে বিস্ফোরণ ঘটিয়ে পরে সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে রেঞ্জার্স সদস্যদের দ্রুত প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ হামলাকারী নিহত হয়েছে। আহত অবস্থায় আরও একজনকে আটক করা হয়েছে, যিনি আফগানিস্তানের নাগরিক। আইএসপিআরের দাবি, হামলাকারীরা ‘জামাত-উল-আহরার’-এর সদস্য এবং এটি একটি ভারতীয় প্রক্সি গোষ্ঠীর হামলা।

হামলার পর পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিহত সেনাদের হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে সংস্থাটি।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ পাকিস্তান রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

This post was viewed: 6

আরো পড়ুন