বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রস্তাব দেন।
শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এ বার্তা সফলভাবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়ায় তাদের আস্থা বেড়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ প্রথমবারের মতো ৫ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস প্রকাশ করেছে। এতে দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বিষয়ে ইতিবাচক বার্তা পেয়েছেন বিনিয়োগকারীরা।
বিডা চেয়ারম্যান জানান, চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
রাষ্ট্রায়ত্ত চীনা নির্মাণ প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে আঞ্চলিক লজিস্টিকস কেন্দ্রে পরিণত করতে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্পে প্রায় ৫০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া শেনজেন কাইফা টেকনোলজি বাংলাদেশে স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম নির্মাণে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পায়রা বন্দর শিল্পাঞ্চলে পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন, লিথিয়াম ব্যাটারি কারখানা এবং ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা প্রকল্পে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে সিআরআরসি জিয়ান কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে যৌথ উদ্যোগে রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। চায়না কেপাই এডুকেশন গ্রুপ ৩০ হাজার শিক্ষার্থী ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক গড়ে তুলতে ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। পাশাপাশি চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।