Ridge Bangla

শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী মোছা. রোজিনা খাতুন (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ জুন) রাত ২টার দিকে জীবননগর উপজেলার বালিয়ারহুদা ইউনিয়নের ষষ্ঠীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রোজিনা খাতুন রায়পুর ইউনিয়নের ষষ্ঠীতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে গড়াইটুপি গ্রামের বাসিন্দা রাতুলের সঙ্গে তাঁর বিয়ে হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রোজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁর স্বামী। এর জেরে প্রায় দুই মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন এবং সেখানেই বসবাস করছিলেন।

স্বজনদের ভাষ্য, শনিবার সন্ধ্যায় রাতুল শ্বশুরবাড়িতে আসেন। পরিবারের সদস্যরা তাঁকে আপ্যায়ন করে রাতে বাড়িতেই থাকার ব্যবস্থা করেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত রোজিনার ওপর হামলা চালান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

রোজিনার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে রাতুলকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়। আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোজিনার মা রেশমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের ওপর নির্যাতন চলছিল। শনিবার রাতে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিব জানান, ভোর ৫টার দিকে রোজিনাকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ফলাফল পাওয়ার পর আঘাতের প্রকৃত মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলয়মান শেখ বলেন, অভিযুক্ত রাতুল পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তের অংশ হিসেবে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত রোজিনার সঙ্গে কথা বলেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 3

আরো পড়ুন