Ridge Bangla

৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় মাকে বেঁধে পুলিশের হাতে তুলে দিল স্বজনরা

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মা শ্রাবন্তীকে (২০) অভিযুক্ত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী জামালপুর পৌর শহরের কম্পপুর মাঠপাড়া এলাকার মুন্তাজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী শ্রাবন্তী তাঁদের ৯ মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম ভাঙার পর হুমায়ুন দেখতে পান, ঘরের দুটি দরজাই খোলা এবং স্ত্রী ও সন্তান কেউই ঘরে নেই। এরপর তিনি তাঁদের খোঁজ শুরু করেন।

একপর্যায়ে পাশের বেপারীপাড়া এলাকায় এক স্বজন বাড়ির পাশের একটি পুকুরে শিশু শাওনের মরদেহ ভাসতে দেখেন। একই স্থানে শ্রাবন্তীকেও পাওয়া যায়। পরে স্বজনরা তাকে ধরে এনে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

শ্রাবন্তীর দাবি, রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে তিনি দরজা খুলে দেন। এরপর মুখোশ পরা ওই ব্যক্তি তাঁর মুখে রুমাল চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে ভাবকী বাজার এলাকায় একটি অটোরিকশা থেকে নামানোর সময় তাঁর জ্ঞান ফেরে। সেখান থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখেন।

অন্যদিকে হুমায়ুন আহমেদ অভিযোগ করেন, তাঁর স্ত্রী এর আগেও কয়েকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং বিভিন্ন ছেলের সঙ্গে ফোনে কথা বলতেন। তাঁর দাবি, স্ত্রীই তাঁদের সন্তানকে হত্যা করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন