Ridge Bangla

মোহাম্মদপুরে টিনের চাল কেটে বিকাশের দোকানে চুরি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় টিনের চাল কেটে একটি বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় গেলে মামলা না নিয়ে প্রথমে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে পুলিশ বলছে, চুরির ঘটনায় সাধারণ ডায়েরি নয়, সরাসরি মামলা গ্রহণের বিধান রয়েছে।

ভুক্তভোগী মো. মোস্তাকিম জানান, ২৬ জুন রাতে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন ২৭ জুন সকালে দোকান খুলে দেখেন, টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ব্যাংকিংয়ের ২ লাখ ৭০ হাজার টাকা চুরি করা হয়েছে।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ জুন রাত ৩টা ৩৮ মিনিট ৪০ সেকেন্ডে ফুলহাতা শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করেন। পরিচয় গোপন করতে তিনি মুখ গামছা দিয়ে ঢেকে রেখেছিলেন। এরপর রাত ৩টা ৩৯ মিনিট ৩৩ সেকেন্ডে দোকানের সিসিটিভি ক্যামেরার অবস্থান ঘুরিয়ে দেন তিনি।

মোস্তাকিম বলেন, চুরির ঘটনা জানাতে থানায় গিয়ে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু দায়িত্বরত উপপরিদর্শক জাহাঙ্গীর প্রথমে তাঁকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। সার্ভারে সমস্যা রয়েছে জানিয়ে বাইরে থেকে লিখে আনতে বলা হয়। পরে তিনি লিখিত কাগজ নিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করে। এ সময় পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ ও ঘটনার আলামতের ছবি সংগ্রহ করে।

চুরির ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, চুরির ঘটনায় সাধারণ ডায়েরি নেওয়ার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় সরাসরি মামলা নিতে হবে।

তিনি আরও বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তিনি খোঁজ নিচ্ছেন। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

This post was viewed: 3

আরো পড়ুন