প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময়ও করেন।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।