ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিজের শিশুকন্যাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ফুটবলার নিজে এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এছাড়া ৫০ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ।
স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন হেক্টর বেলো। তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।’
আরেকটি পোস্টে তিনি জানান, তাঁর মেয়ে বর্তমানে কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার রাতে দেওয়া আরেক পোস্টে বেলো লেখেন, ‘আমার মেয়ে ও তার আন্টি (খালা বা ফুফু) ভালো আছে। তবে এখনই তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না। তারা হাসপাতালেই থাকছে। এই চরম কষ্টের সময়ে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমি তোমার মেয়েকে কীভাবে বুঝিয়ে বলব যে তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন হারিয়েছ, আর আমি সেখানে কিছুই করতে পারিনি। কীভাবে বোঝাব আমি? আমাকে শক্তি দাও।’
ভেনেজুয়েলার স্থানীয় ফুটবল সংবাদ ও প্রচারসংস্থা কুমানা দে কাম্পেওনেসও আন্দ্রেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রকাশিত তথ্যে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কুমানার বাসিন্দা ফুটবলার হেক্টর বেলো “কিকে”-এর সঙ্গিনীকে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
তারা আরও জানায়, যে ভবনে পরিবারটি বসবাস করছিল, সেটি পুরোপুরি ধসে পড়ে। তবে তাঁদের কন্যাসন্তান প্রাণে বেঁচে যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও আন্দ্রেয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে।
এদিকে ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আরও দুই ফুটবলারের মৃত্যু হয়েছে।
কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাবটি বলেছে, ‘তার হাসি, নিষ্ঠা ও সহমর্মিতা আমাদের সঙ্গী হয়ে থাকবে।’
কারাকাসভিত্তিক ক্লাব স্পোর্ত সান আগুস্তিনও জানিয়েছে, তাদের একাডেমির খেলোয়াড় ভিক্টর পালাসিওস মারা গেছেন। ইনস্টাগ্রামে ক্লাবটি লিখেছে, ‘তার প্রয়াণে আমরা যে কষ্ট পাচ্ছি, তা প্রকাশ করার মতো যথেষ্ট ভাষা আমাদের জানা নেই।’
ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন জানিয়েছে, ভিক্টর পালাসিওস এর আগে মারিতিমো দে লা গুয়াইরার হয়েও খেলেছেন।
অন্যদিকে সাবেক মিস ভেনেজুয়েলা জিসেল রেয়েস ইনস্টাগ্রামে জানিয়েছেন, লা গুয়াইরায় জোড়া ভূমিকম্পে তাঁর মায়ের মৃত্যু হয়েছে। তিনি জানান, তাঁর মায়ের বসবাস করা ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। তবে মায়ের দেখাশোনার দায়িত্বে থাকা নার্সকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ধাক্কা ও আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।