টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মঈনের (১৫) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
নিহত মঈন মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে ৮ বন্ধুকে নিয়ে যমুনা নদীর তীরে ঘুরতে যান মঈন। পরে তাঁরা ফুটবল নিয়ে নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে ৭ জন তীরে উঠতে পারলেও মঈন পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর সন্ধান না মেলায় তা স্থগিত করা হয়।
পরদিন শনিবার আবার উদ্ধার অভিযান শুরু হলে বিকেল সাড়ে ৫টার দিকে যমুনা নদী থেকে মঈনের মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা কামাল জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। শনিবার পুনরায় অভিযান শুরু করে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যমুনা নদীর পূর্ব পাড় নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক কালাম খান বলেন, যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।