পাবনায় গোয়েন্দা পুলিশের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং পৌরসভার শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে গাংকোলা এলাকা থেকে সুজন হোসেন ও শিবরামপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁরা গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এবং বিকাশের মাধ্যমে সেই অর্থ গ্রহণ করতেন।
তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যরা ভুয়া নিবন্ধনে সংগ্রহ করা সিমকার্ড বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করতেন। পাশাপাশি বিকাশ এজেন্ট নম্বর ব্যবহার করে চাঁদার অর্থ সংগ্রহ করা হতো। দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ আরও দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের ২ থেকে ৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।