সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় হাফিজ নাইম নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, মামলার ১০ আসামির মধ্যে হাফিজ নাইমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলেই যুবলীগের এক কর্মী নিহত হন এবং আহত হন আরও ২৯ জন।
এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলা করা হয়।
২০২০ সালের ২২ অক্টোবর ওই গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন খালাস পাওয়া নেতারা। তারা একে ‘ন্যায়বিচারের প্রতিফলন’ বলে উল্লেখ করেন। তাদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য ব্যবহার করা হয়েছে।