Skip to main content

Ridge Bangla

চুরিতে বাধা দেওয়ায় ফুফুকে হাতুড়ি দিয়ে হত্যা, গ্রেপ্তার ২

রাঙামাটির বরকলে গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যার রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া ১ লাখ ৯৯ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা মো. সোহাগ (১৭) এবং তার সহযোগী প্রতিবেশী ওমর আলী (১৯)।

পুলিশ সুপার জানান, বরকল থানার ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজের ঘর থেকে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ২ জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়।

পুলিশের দাবি, স্বীকারোক্তিতে জানা যায়, গত ২১ জুন বিকেলে জমানো টাকা চুরির উদ্দেশ্যে আয়েশা বেগমের ঘরে ঢোকে অভিযুক্তরা। এ সময় তিনি তাদের চিনে ফেলেন এবং চুরিতে বাধা দেন। পরে তারা প্রথমে ইট দিয়ে এবং এরপর হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে।

আয়েশা বেগমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘরে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় তারা। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি ইট ও রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে সোহাগের বাড়ির হাঁস-মুরগির ঘরের পাশে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো ১ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ওমর আলীর বাড়ির দক্ষিণ পাশের কলাবাগানের মাটির নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা আরও ৯৩ হাজার টাকা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে গত ২৪ জুন এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 28

আরো পড়ুন