চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৩ মাসে ৫২২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫৭৭ জন মাদক কারবারি।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত জেলার ৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব অভিযান চালানো হয়।
গত ৩ মাসের অভিযানে ৪৬০টি মাদক মামলায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, ৩টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ ও ১ বোতল বিদেশি মদ।
একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫২২ জনকে। পাশাপাশি ১ হাজার ৪৬৩টি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে ৫৫৩টি যানবাহন আটক ও তল্লাশি করেছে পুলিশ। অস্ত্রবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি কার্তুজ ও ১টি কাটার।
থানাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে কচুয়া থানায় ১২২ জন এবং চাঁদপুর সদর মডেল থানায় ৮৭ জন। অন্যদিকে মাদক উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থানা। এ ছাড়া জেলা ডিবি পুলিশ ৭৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আগামীতেও চলবে। অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানো এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।