মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবর ও তার চাচাতো ভাই বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।