নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৯ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ ভারতীয় অংশে অবস্থান করছিলেন ওই ৯ জন। তবে বর্তমানে সেখানে তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ সীমান্তের লাইট বন্ধ করে দেয় বিএসএফ। প্রায় ২ ঘণ্টা পর রাত ১০টার দিকে আবার লাইট চালু করা হয়। তবে তখন ওই ৯ জনের কাউকে আর সেখানে দেখা যায়নি।
তিনি জানান, সাধারণত ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে বিএসএফ এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে। রাতে ২ ঘণ্টা লাইট বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে, ওই সময় তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হতে পারে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, জেলার প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা মোকাবিলা করা হবে।
এর আগে বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪ নম্বর পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করে বিজিবি।