Ridge Bangla

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের সংখ্যা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

ডেলসি রদ্রিগেজ জানান, বড় দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে জাতিসংঘের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি পুনর্গঠন কার্যক্রমের জন্য ২০ কোটি মার্কিন ডলারের প্রাথমিক তহবিল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গেও কাজ করা হচ্ছে।

উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ভারী যন্ত্রপাতি সরবরাহ করতে বেসরকারি খাতের প্রতিও আহ্বান জানিয়েছেন রদ্রিগেজ।

দেশের মানুষকে শান্ত ও ‘ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব ভবন নিরাপদ রয়েছে, সেসব ভবনের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করা উচিত।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে জাতীয় প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর মাত্র ৪০ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়।

বিশ্লেষকদের মতে, এটি গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

This post was viewed: 4

আরো পড়ুন