Ridge Bangla

বাংলাদেশিসহ ১৪৪ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে বাংলাদেশ ও মিয়ানমারসহ বিভিন্ন দেশের ১৪৪ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ, ৩২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন।

মালয়েশিয়ার কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া চীনের ৩১ জন, বাংলাদেশের ১৮ জন, পাকিস্তান ও কম্বোডিয়ার ৫ জন করে এবং কেনিয়া, ভিয়েতনাম, ভারত ও নেপালের ২ জন করে নাগরিক রয়েছেন। পাশাপাশি শ্রীলঙ্কার ১ জন নাগরিককেও ফেরত পাঠানো হয়েছে।

তারা সবাই এর আগে বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক ছিলেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিরা বৈধ অনুমতি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করাসহ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছিলেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন ও শাস্তি ভোগের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে যেন তারা আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সে জন্য তাদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন