Ridge Bangla

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী। সোমবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কাজে সোমবার সকালে ঢাকায় গিয়েছিলেন শ্যামল চন্দ্র দাস। কাজ শেষে রাতে চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি।

ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন এলাকা পার হওয়ার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর শ্যামলের ডান চোখে আঘাত করলে সেটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নামার পর তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠান। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা অস্ত্রোপচার করা হলেও তার চোখটি রক্ষা করা যায়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার খবর পেয়ে আহত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে রেল পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটার পৈরতলা এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে আহত হন নাইমুল হাসান রাব্বি নামে এক যুবক। মাথায় আঘাত পাওয়া রাব্বিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৫টি সেলাই দিতে হয়। তিনি শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা।

This post was viewed: 6

আরো পড়ুন