Ridge Bangla

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, নিরাপদে সরানো হলো যাত্রীদের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী একটি উড়োজাহাজে উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ইঞ্জিনে সমস্যা শনাক্ত হওয়ার পর নিরাপত্তাবিধি অনুসরণ করে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

বুধবার (২৪ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী ফ্লাইটটি রানওয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরে উড়োজাহাজ থেকে যাত্রীদের বের করে আনা হয়।

জানা গেছে, ওই ফ্লাইটে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে ত্রুটির বিষয়টি জানার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে নিজেদের মালামাল নিয়ে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ককপিটের পর্যবেক্ষণ ব্যবস্থায় অগ্নি-সতর্ক সংকেত দেখা যায়। এরপর পাইলট তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থামিয়ে নিয়ন্ত্রণকক্ষকে বিষয়টি জানান এবং নিরাপত্তা প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, উড্ডয়নের আগেই সমস্যা শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফ্লাইটটির সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্ব হয়। পরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পর সকাল ৮টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন