Ridge Bangla

প্রশ্ন ফাঁস হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এইচএসসির কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রযুক্তি নির্ভর ক্লাস রুমে পাঠদান সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষে সরকার কাজ করছে।’

পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০০১ সালে পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি-ওর্ন ক্যামেরা রাখা হবে। কেউ জোরদারি করতে পারবে না। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বণ্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।’

শিক্ষামন্ত্রী জানান, যেকোনো পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। নির্ধারিত সময়েই শিক্ষা কার্যক্রম শেষ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনও সেশন জট থাকতে পারবে না।’

This post was viewed: 4

আরো পড়ুন