Ridge Bangla

তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা এবং পানি সম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বৈঠকে তিস্তা নদীসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি কমানো, পরিবেশ সুরক্ষা, নদীভাঙন প্রতিরোধ, সেচব্যবস্থা এবং নৌ-নেভিগেশন উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। এসব উদ্যোগে তিনি চীনের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশার কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোওইং ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়ও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বর্তমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। পাশাপাশি নদীভাঙন রোধ, সেচব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন খাতেও চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

চীনের পানি সম্পদমন্ত্রী লি গোওইং বলেন, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এ খাতে বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

This post was viewed: 6

আরো পড়ুন