মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আরও উদ্ধার করা হয় ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অভিযান পরিচালনা করে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়।
অভিযানের সময় রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি।
উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।