Ridge Bangla

পে-স্কেল বাস্তবায়নে সচিব কমিটির ৫ সিদ্ধান্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সচিব কমিটির বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিব কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো:

প্রথমত, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। প্রশাসনিক প্রস্তুতি ও আইনি প্রক্রিয়ার কারণে বর্ধিত বেতন হাতে পেতে দুই থেকে তিন মাস সময় লাগলেও এটি ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। পরবর্তী সময়ে বকেয়া অর্থ অ্যারিয়ার হিসেবে দেওয়া হবে।

দ্বিতীয়ত, শুরুতে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে তা দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃতীয়ত, আর্থিক চাপ বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাপেই ৬০ শতাংশ সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে ৪০ শতাংশ বর্ধিত বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চতুর্থত, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের গ্রেডভিত্তিক বৈষম্য দূর করতে বিশেষ রোডম্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

পঞ্চমত, পে-স্কেল ঘোষণার পর কোনো ধরনের আইনি বা প্রযুক্তিগত জটিলতা এড়াতে আইনি যাচাই এবং বিধিমালা সংশোধনের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বেতন নির্ধারণ বা ফিক্সেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও ডিজিটাল করার কারিগরি পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এসব সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন প্রশাসনিক ও আইনি ধাপ শেষ করে দ্রুত প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 5

আরো পড়ুন