দেশের চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী জানান, চার মোবাইল অপারেটরের মধ্যে টেলিটকের কাছে সরকারের পাওনা ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। এ ছাড়া গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের কাছে ৪৭৩ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, টেলিটকের বকেয়ার মধ্যে রয়েছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
গ্রামীণফোনের বিষয়ে ফকির মাহবুব আনাম জানান, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী দুই কিস্তিতে প্রতিষ্ঠানটি ২ হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। বর্তমানে ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান।
রবি আজিয়াটার বিষয়ে মন্ত্রী বলেন, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি ও পরিশোধিত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর মূসক বাবদ বিটিআরসির মোট পাওনা ৬৭৮ কোটি টাকা। আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি পাঁচ কিস্তিতে ১৮৮ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি অর্থ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে।
বাংলালিংকের বিষয়ে তিনি জানান, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি ও পরিশোধিত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর মূসক বাবদ প্রতিষ্ঠানটির কাছে বিটিআরসির পাওনা ৪৭৩ কোটি টাকা। এর মধ্যে ৩৮১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট অর্থের বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।