Skip to main content

Ridge Bangla

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত মোট ১৭০টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এ ছাড়া চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজার ১৬৩ জন হাজি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৯টি ফ্লাইটে ফিরেছেন ২৮ হাজার ৮৪৫ জন। সৌদি এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে দেশে এসেছেন ২২ হাজার ৪৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি।

এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫৯ হাজার ৮৪৪ জন হাজি।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালনের সময় ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। তাদের মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি।

হজ শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়। চলতি বছরের শেষ হজ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন দেশে পৌঁছানোর কথা রয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন