রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৭ কোটি টাকা।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
চুক্তিতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
এ সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন সহযোগিতা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিটি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকা।
২০১৭ সাল থেকে এই আঞ্চলিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ১০ হাজার ৭৭০ কোটি টাকা মানবিক সহায়তা দিয়েছে।
নতুন চুক্তির আওতায় পাওয়া ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে ব্যয় করবে ইউনিসেফ।