প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও কাজাখস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন দুই দেশের প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজনৈতিক, ব্যবসায়িক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মত দেন।
এ সময় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া পানি কূটনীতি বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবে বাংলাদেশের সমর্থন চান কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। জবাবে ওই প্রস্তাবে বাংলাদেশের সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।