রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনরত এক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার পর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়।
ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের জন্য জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন দ্রুত ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।