চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৮ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৯ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ২৩ জুন একদিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী আয়ের ধারাবাহিক অবদানের প্রতিফলন।
চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২২০ কোটি ৯০ লাখ ডলার।
এর আগে গত মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স আসে। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।