Ridge Bangla

ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর জোট গঠন ভুল হবে: ল্যাভরভ

ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর একত্রিত হওয়ার যেকোনো উদ্যোগ বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (২৩ জুন) মস্কোতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ল্যাভরভ বলেন, ‘আমরা মনে করি, আরব দেশগুলো যদি ইরানকে কেন্দ্র করে কোনো ধরনের জোট গঠন করে, তা হবে একটি ভুল পদক্ষেপ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ দেখিনি।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, বিভাজন তৈরি করতে পারে- এমন কোনো জোট গঠন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও একসঙ্গে কাজ করছে দুই দেশ। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই সম্পর্ক আরও কৌশলগত গুরুত্ব পেয়েছে।

একই আলোচনায় ফিলিস্তিন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনার সময় অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি উপেক্ষা করা যাবে না। সেখানে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

ল্যাভরভ বলেন, ‘আমাদের পশ্চিম তীরের ঘটনাগুলো ভুলে গেলে চলবে না, যেখানে নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে যেন সেখানে কখনো কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়।’

তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুর ন্যায্য সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরেই জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান জানিয়ে আসছেন। সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ বন্ধ থাকলে অঞ্চলটি দীর্ঘ সময় ধরে অস্থিতিশীলতা ও চরমপন্থার ঝুঁকিতে থাকবে।

This post was viewed: 4

আরো পড়ুন