Ridge Bangla

নিউইয়র্কে প্রাইমারিতে মামদানি সমর্থিত বামপন্থীদের বড় জয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় সাফল্য পেয়েছেন মেয়র জোহরান মামদানির সমর্থিত প্রার্থীরা। গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে হারিয়েছেন প্রগতিশীল নেতা ব্র্যাড ল্যান্ডার। এই ফলাফলকে দলটির ভেতরে বামপন্থী ধারার শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র মামদানির সমর্থন পাওয়া প্রার্থীদের ধারাবাহিক জয় ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানে প্রভাব ফেলতে পারে।

নিউইয়র্কের ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের এই প্রতিদ্বন্দ্বিতায় গাজা যুদ্ধ ইস্যুতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ মতপার্থক্য সামনে এসেছে।

ব্র্যাড ল্যান্ডার গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলে সমালোচনা করে আসছেন। অন্যদিকে দুই মেয়াদের কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানের পাশে ছিল ইসরায়েলপন্থী বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী। ল্যান্ডার ও গোল্ডম্যান দুজনই ইহুদি ধর্মাবলম্বী।

ভারমন্টের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থন পাওয়া ল্যান্ডার বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। বেশির ভাগ ভোট গণনার পর তাঁর ভোটের হার দাঁড়ায় ৬৫ দশমিক ৭ শতাংশ। বিপরীতে গোল্ডম্যান পান ৩৪ দশমিক ১ শতাংশ ভোট।

নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার ল্যান্ডারের জয়কে মেয়র মামদানির রাজনৈতিক প্রভাব যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছিল।

পরাজিত গোল্ডম্যান জিন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেভি স্ট্রসের উত্তরাধিকারী। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিশংসন তদন্তে নেতৃত্ব দিয়ে তিনি ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনায় আসেন। তবে ইসরায়েলের প্রতি তাঁর দৃঢ় সমর্থন নিউইয়র্কের অনেক ভোটারের অসন্তোষের কারণ হয়।

সম্প্রতি ব্রুকলিনের একটি কফি শপে গোল্ডম্যান ও তাঁর ৭ বছর বয়সী মেয়েকে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। প্রতিষ্ঠানটি এক পোস্টে জানায়, তারা ‘বর্ণবাদী, ফ্যাসিস্ট, সমকামী-বিদ্বেষী কিংবা গণহত্যার সহায়তাকারীদের’ সেবা দেয় না। পরে অবশ্য পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবারের প্রাইমারিতে মামদানি সমর্থিত আরও দুই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জয় পেয়েছেন। ৭ম ডিস্ট্রিক্টে অ্যাসেম্বলি ওম্যান ক্লেয়ার ভালদেস ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট অ্যান্টোনিও রেনোসোকে পরাজিত করেন। আর ১৩শ ডিস্ট্রিক্টে জয় পান কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া ডক্টরাল শিক্ষার্থী দারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ার।

বিজয়ী এই তিন প্রার্থীই অভিবাসন সংস্থা আইসিই বিলুপ্তির পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তাঁরা ধনীদের ওপর কর বাড়ানোর দাবি জানিয়েছেন এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন।

নির্বাচনের দিন মেয়র মামদানি বলেন, ‘এটি কেবল আরও বেশি ডেমোক্র্যাট নির্বাচিত করার বিষয় নয়। এটি মূলত আরও “ভালো” ডেমোক্র্যাটদের বেছে নেওয়ার লড়াই। আমি যখন এই প্রার্থীদের দিকে তাকাই, তখন তাঁদের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষকে আমাদের রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনার একটি ইচ্ছা দেখতে পাই।’

অন্যদিকে নিউইয়র্কের ১২তম ডিস্ট্রিক্টে পরাজিত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতি জ্যাক শ্লসবর্গ। ৩৩ বছর বয়সী শ্লসবর্গ ভোগ ম্যাগাজিনের প্রতিনিধি ও হার্ভার্ড ল স্কুলের স্নাতক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী পোস্টের জন্য তিনি পরিচিত।

জনপ্রিয় কংগ্রেস সদস্য জেরি নাডলারের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতায় শ্লসবর্গকে হারিয়েছেন নাডলারের সাবেক সহকারী ও অ্যাসেম্বলি মেম্বার মিকাহ ল্যাশার। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ট্রাম্পবিরোধী রিপাবলিকান গ্রুপ লিংকন প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও রক্ষণশীল আইনজীবী জর্জ কনওয়ে পেয়েছেন মাত্র ৬ শতাংশ ভোট। এই আসনে কোনো প্রার্থীকে সমর্থন দেননি মামদানি।

তবে বামপন্থী প্রার্থীদের এই সাফল্য নিয়ে ডেমোক্রেটিক পার্টির মূলধারার নেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের আশঙ্কা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এসব প্রার্থী সাধারণ ও দোদুল্যমান ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির দলনেতা হাকিম জেফরিস মামদানির রাজনৈতিক কৌশল নিয়ে ভিন্নমত জানিয়ে বলেন, ‘আমরা তীব্রভাবে দ্বিমত পোষণ করতে একমত হয়েছি। একটি বা দুটি অঙ্গরাজ্যে হাতে গোনা কয়েকটি প্রাইমারি নির্বাচনের ফলাফল হাউস ডেমোক্র্যাট হিসেবে আমাদের মূল আদর্শকে বদলে দিতে পারবে না।’

This post was viewed: 6

আরো পড়ুন