সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে।
বর্তমানে পেনশন পেতে অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়। আবেদন যাচাই, কাগজপত্র সংগ্রহ, ফাইলের অবস্থান জানা ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকেই ভোগান্তির মুখে পড়েন। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব জটিলতা কমিয়ে পেনশন সেবাকে দ্রুত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনলাইন পদ্ধতিতে পেনশন আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় নথি আপলোড, আবেদনের বর্তমান অবস্থা জানা এবং অনুমোদনের অগ্রগতি অনুসরণ করা যাবে। এতে সময় কম লাগার পাশাপাশি অপ্রয়োজনীয় অফিস যাতায়াতও কমবে।
মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে তাঁরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা দিতে এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। এতে দ্রুততম সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরে না গিয়েই অনলাইনে সেবা পাওয়া গেলে সেটি দুর্নীতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগে কর্মচারীরা এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর তাঁরা অনলাইনে আবেদন জমা, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং আবেদন কোন পর্যায়ে আছে, তা জানতে পারবেন।
একই ব্যবস্থার মাধ্যমে কল্যাণ কর্মকর্তা ও অনুমোদনকারী কর্তৃপক্ষও ফাইল প্রক্রিয়া সম্পন্ন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।
সভাপতির বক্তব্যে মো. এহছানুল হক বলেন, দীর্ঘদিন ধরে সমন্বিত কর্মচারী তথ্যভান্ডার না থাকায় পেনশন অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। হালনাগাদ তথ্যভান্ডার তৈরি করা গেলে পেনশন অনুমোদন আরও সহজ ও দ্রুত হবে। এ সময় তিনি পেনশনভোগীদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালুর প্রয়োজনীয়তার কথাও জানান।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবসরের পর অনেক পেনশনভোগী নানা জটিলতায় পড়েন। ওপিটিএমএস সহজ সেবা নিশ্চিত করে তাঁদের আস্থা বাড়াবে।
তিনি জানান, প্রথম ধাপে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের নিয়মিত পেনশন মামলার ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। পরে অর্থ বিভাগ, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, সংযুক্ত দপ্তর এবং মাঠপর্যায়ের কার্যালয়েও এটি সম্প্রসারণ করা হবে।
কর্মশালায় জানানো হয়, ওপিটিএমএস আইবাস++ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। এর মাধ্যমে চাকরির তথ্য ও আর্থিক রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা যাবে। এতে হাতে তথ্য যুক্ত করার প্রয়োজন কমবে এবং ভুল হওয়ার আশঙ্কাও কমবে।
বর্তমানে ইএফটির মাধ্যমে পেনশন প্রদান, লাইফ ভেরিফিকেশন ও পেনশন পেমেন্ট স্টেটমেন্টসহ কয়েকটি সেবা ডিজিটাল ব্যবস্থায় আনা হয়েছে। ওপিটিএমএস চালু হলে অবসরের আগের জটিল ধাপগুলোও ডিজিটাল প্রক্রিয়ার আওতায় আসবে। এর মাধ্যমে পেনশন ব্যবস্থাপনা আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।