Ridge Bangla

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন ও বাস্তবতা তুলে ধরে পরিচিতি পাওয়া টাঙ্গাইলের প্রান্তিক কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কৃষিকাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। এসব ভিডিওতে কৃষকের দৈনন্দিন জীবন, সংগ্রাম ও সম্ভাবনার নানা দিক তুলে ধরতেন। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণের পর দেশজুড়ে আলোচনায় আসেন কবির হোসেন। কার্ড পাওয়া নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হলেও পরবর্তী সময়ে সরকারি ও প্রশাসনিক বিশেষ তদন্তে তাঁকে প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় মন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন অত্যন্ত কর্মঠ, আত্মমর্যাদাসম্পন্ন ও সত্যিকারের কৃষিপ্রেমী মানুষ। কৃষিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং কৃষকের সংগ্রাম, সাফল্য ও জীবনযাত্রার বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে নিখুঁতভাবে তুলে ধরতে তিনি অনন্য অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, কবির হোসেনের মতো একজন মাঠের মানুষের অকাল চলে যাওয়া দেশের কৃষি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ আজ একজন নিবেদিতপ্রাণ কৃষক ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বকে হারাল।

কৃষিমন্ত্রী মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

This post was viewed: 6

আরো পড়ুন