Ridge Bangla

গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ধারাবাহিকতায় দেশটির শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে সেখানে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি কর্মী অবৈধ হয়ে পড়েছেন বা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাঁদের বৈধ করার বিষয়েও সরকারের প্রচেষ্টা চলছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, বর্তমানে দেশের সরকারি খাদ্যগুদামে ২০ লাখ ৭২ হাজার ৭৫৪ টন খাদ্যশস্য মজুত রয়েছে।

ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের উত্তরে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪ কোটি ৬ লাখ টন চাল এবং ১০ লাখ ৪১ হাজার টন গম উৎপাদন হয়েছে।

তিনি জানান, দেশে চালের চাহিদা ৪ কোটি ১১ লাখ টন এবং গমের চাহিদা ৭৪ লাখ টন।

খাদ্য প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারিভাবে ৫ লাখ ৩৪ হাজার টন চাল ও ৭ লাখ ৩৫ হাজার টন গম আমদানি করা হয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে ৭ লাখ ৩৫ হাজার টন চাল এবং ৬৫ লাখ ৮২ হাজার টন গম আমদানি হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন