মুন্সীগঞ্জের মেঘনা নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে প্রায় ৮০ যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়।
সোমবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘মকবুল-২’ নামের একটি লঞ্চ ষোলআনি এলাকায় পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার কারণে চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।
এ অবস্থায় লঞ্চের যাত্রী সেলিম হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার পর গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমভি আল-মাহবুব’ নামের আরেকটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের সব যাত্রীকে সেখানে নিরাপদে তুলে দেওয়া হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, নৌ পুলিশের দ্রুত উদ্যোগের কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।